সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশে পৌঁছাবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি সাতজনের মরদেহ পাঠানোর আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩৩৬’ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শনাক্ত হওয়া নওগাঁর পাঁচ কর্মী হলেন—নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই এবং একজনের বাড়ি নওগাঁ সদরে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যের বরাতে তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাই উপজেলার মোট ১১ জন এবং নওগাঁ সদরের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে আত্রাইয়ের সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

























