মালয়েশিয়ায় ইসলামি শরিয়াহ অনুযায়ী হালাল নীতিমালা অমান্য করে মুরগি জবাই ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। এ সময় প্রায় সাড়ে ছয় টন মুরগি জব্দ করা হয়।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকার একটি গুদামে মধ্যরাতে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার ৫৫৫ কেজি কাঁচা মুরগি জব্দ করা হয়েছে। বৈধ হালাল সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ‘ওপ তারিং চিলার’ নামের এই সমন্বিত অভিযান চালানো হয়।
মালয়েশিয়ার বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তা দাতুক মোহা. জাকি আশার এক বিবৃতিতে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলাঙ্গর ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ওই গুদামে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আটক কর্মীদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক রয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মুরগি জবাইয়ের ইসলামি অনুশাসন না মেনে ফুটন্ত গরম পানিতে ডুবিয়ে মেরে ফেলার মতো গুরুতর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত মুরগির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার ৪০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকার বেশি। চক্রটি দীর্ঘদিন ধরে সেপাং এলাকা থেকে মুরগি সংগ্রহ করে বিভিন্ন রেস্তোরাঁ ও সুপারমার্কেটে সরবরাহ করে আসছিল।
আটক অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাজের অনুমতিপত্র না থাকা এবং দেশটির ইমিগ্রেশন আইন ও বাণিজ্য বিবরণী (হালাল সংজ্ঞা) আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

























