রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলার পবা উপজেলার নওহাটা আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার বাসিন্দা নফিরউদ্দিন (৬৫) এবং পবা উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নওহাটা এলাকায় একটি রিজার্ভ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা দুইজনই গুরুতর জখম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মারা যান মফিদুল ইসলাম।
ওসি আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ভ্যানগাড়িটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























