ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনের পরদিন শুক্রবার সকালে তিনি সরাসরি ছুটে যান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসভবনে।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টি মুখ করান। সাক্ষাতকালে দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও বিনির্মাণে পরাজিত জামায়াত প্রার্থীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জবাবে এলাকার উন্নয়নমূলক যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন দেলাওয়ার হোসেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র, কিন্তু আমাদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে। ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’
অন্যদিকে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বিষয়টিকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বিজয়ী হয়ে তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এটি নিঃসন্দেহে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পরিচয়। নির্বাচনের নানা অনিয়মের বিষয়গুলো আমি তাকে জানিয়েছি এবং তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।’


























