দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর এনায়েতপুর বিওপির একটি টহল দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা বিজিবির অন্যতম প্রধান অগ্রাধিকার। পেশাদারত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্ত পাহারা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


























