ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় এক লাখ টাকা। তবে অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অভিযানের বিষযে নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির একটি টহলদল ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একইসঙ্গে ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সমাজ গঠন ও সীমান্ত রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

























