জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে নিজেদের আধিপত্য দেখিয়েছেন ব্যাটাররা। চার ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় তিনটি শতক দেখেছে সমর্থকরা। সিলেট বিভাগের অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদ এবং বরিশাল বিভাগের ফজলে রাব্বি সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে অন্য ভেন্যুতে রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছে রাজশাহী বিভাগ।
ঢাকার প্রথম ইনিংসে তোলা ৫২১ রানের বিশাল পাহাড়ের বিপরীতে রাজশাহী প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের মহাকাব্যিক ইনিংসের পর রাজশাহীকে দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ঢাকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৫ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী, তবে এখনও তারা ১৪৪ রানে পিছিয়ে রয়েছে। দলটির হয়ে সাব্বির রহমান একা লড়ে যাচ্ছেন, প্রথম ইনিংসে ৫৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি।
অন্য ম্যাচে কক্সবাজারে সিলেট ও খুলনার মধ্যকার খেলায় রানের বন্যা দেখা গেছে। অমিত হাসান ও আশরাফুল হাসান রিহাদের চমৎকার দুই সেঞ্চুরিতে সিলেট ৪ উইকেটে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। আগের দিন জাকির হাসানের ১৬০ রানের পর অমিত অপরাজিত ১৭১ এবং রিহাদ অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি অমিতের ১২তম এবং রিহাদের দ্বিতীয় সেঞ্চুরি।
























