স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, গবেষণার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো করা বা পদোন্নতি পাওয়া নয়; বরং সঠিক গবেষণা মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর এস জি এম চৌধুরী মিলনায়তনে ‘দ্যা রিসার্চ জার্নি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গবেষণার সবচেয়ে বড় সাফল্য তখনই আসে, যখন তা কোনো দেশের বা আন্তর্জাতিক কোনো বিষয়ের নীতিমালায় পরিবর্তন আনে। একটি মাত্র বাক্য পরিবর্তনের মাধ্যমে পুরো বাজেট এবং লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা বদলে যেতে পারে।
আমাদের চিকিৎসকদের কাজের চাপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন অতিরিক্ত রোগী দেখার ফলে চিকিৎসকদের পক্ষে গবেষণার জন্য পর্যাপ্ত সময় বা মানসিক প্রস্তুতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অথচ বিদেশের চিকিৎসকরা তুলনামূলক কম রোগী দেখে গবেষণার জন্য নির্দিষ্ট সময় পান। আমাদের দেশেও চিকিৎসকদের জন্য এমন সুযোগ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


























