মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী ক্রয়ের ই-টেন্ডার হ্যাক করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ঠিকাদাররা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। অন্যদিকে, নির্ধারিত সময়ে টেন্ডার সম্পন্ন না হওয়ায় হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় ই-টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু ওয়েবসাইট হ্যাক হওয়ার অভিযোগ ওঠায় সেই টেন্ডার বাতিল করে গত ১০ অক্টোবর দ্বিতীয় দফায় পুনরায় ই-টেন্ডার ডাকা হয়। তবে দ্বিতীয় দফায়ও একই জটিলতার সৃষ্টি হওয়ায় ঠিকাদাররা অংশ নিতে ব্যর্থ হন। পূর্বের অর্থবছরের মজুত শেষ হয়ে যাওয়ায় বর্তমানে পর্যাপ্ত ওষুধ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসাসেবা প্রত্যাশীরা বড় বিপাকে পড়েছেন।
স্থানীয় ঠিকাদার ও মানবাধিকারকর্মীরা এ ঘটনার পেছনের কুশীলবদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে হাসপাতালের যাবতীয় কেনাকাটা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।


























