বাংলাদেশের ঐতিহ্যবাহী ফ্যাশন, সংস্কৃতি ও আধুনিক জীবনযাত্রাকে বৈশ্বিক দরবারে তুলে ধরার লক্ষ্যে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পাদিত হয়।
এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরি ও প্রচার করা। প্রথাগত সাজসজ্জার পাশাপাশি পুষ্টি, স্বাস্থ্যচর্চা, রূপচর্চা, গৃহসজ্জা, পোষা প্রাণীর যত্ন এবং পরিবেশগত বিষয়াবলী নিয়ে বৈচিত্র্যময় কনটেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।
চুক্তির আওতায় বড় পরিসরের ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট, ডিজিটাল অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক ম্যাগাজিন যৌথভাবে প্রকাশ করা হবে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশ এবং এই শিল্পে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ব্র্যান্ডগুলোর সাথেও কাজ করার ইচ্ছা ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। ফ্যাশন ও আধুনিক জীবনযাত্রার প্রসারে এই যুগপৎ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।


























