রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি জুমখেত থেকে ধান সংগ্রহ করতে গিয়ে বন্য শূকরের হামলায় হরিমনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হরিমনি ত্রিপুরা ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার বাসিন্দা ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাহাড়ে নিজের জুমখেত থেকে পাকা ধান আনতে যান হরিমনি। এ সময় হঠাৎ একদল হিংস্র বন্য শূকর পাহাড় থেকে নেমে এসে তার ওপর আক্রমণ চালায়। নির্জন এলাকা হওয়ায় এবং পালানোর সুযোগ না পেয়ে শূকরের উপর্যুপরি হামলায় তার শরীর ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্বজনেরা পাহাড়ে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহতের ভাই জন ত্রিপুরা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। ঘটনাটি স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
























