নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও সচল রাখতে যেসব শ্রমজীবী মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের অবহেলায় না রেখে মানসম্মত ও পরিকল্পিত আবাসন সুবিধার আওতায় আনার জোরালো দাবি উঠেছে।
বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—’শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন।’
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান এবং শিক্ষা ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা।
সভাপতির বক্তব্যে মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটি অংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পৌরসভার আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়নে সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক আবাসন অধিকারকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।
জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভাকে সুন্দর ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে এখনই ১০০ বছরের দীর্ঘমেয়াদি আবাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পিত নগরায়ণ না হলে ভবিষ্যতে আবাসন সংকট আরও ভয়াবহ রূপ নেবে।

























