উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উদযাপিত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতি কামনায় চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা।
সকালে শাস্ত্রীয় নিয়ম মেনে নবপত্রিকা বা ‘কলাবউ’কে নিকটবর্তী জলাশয়ে নিয়ে মহাস্নান করানো হয়। স্নান শেষে দেবীর ডান পাশে নবপত্রিকা স্থাপন করে শুরু হয় মহাসপ্তমীর মূল বিহিত পূজা ও কল্পারম্ভ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মহানগর পূজা কমিটির উপদেষ্টা মনীন্দ্র কুমার নাথ জানান, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং তা সমাজের সব বিভেদ ভুলে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দেয়। এই মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সম্মিলন ঘটে, যা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।


























