শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে আজ হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করছেন শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা। ধন-সম্পদ, সৌভাগ্য ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কৃপা লাভের আশায় ভক্তরা দিনভর উপবাস থেকে মধ্যরাতে দেবীর আরাধনায় মগ্ন থাকবেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, যা সোমবার সকাল ৯টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে মঙ্গলঘট স্থাপন, ধানের ছড়া এবং দৃষ্টিনন্দন আলপনায় দেবীর পদচিহ্ন এঁকে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজার অন্যতম আকর্ষণ হিসেবে ঘরে ঘরে পঠিত হচ্ছে লক্ষ্মীর পাঁচালি।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে অবতরণ করে দ্বারে দ্বারে ঘুরে দেখেন কে জেগে রয়েছে। বিনিদ্র ভক্তদের ঘরেই দেবী প্রবেশ করে ধনধান্যে ভরিয়ে দেন বলে এই পূজাকে ‘কোজাগরী’ বলা হয়। মণ্ডপের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও বিভিন্ন গৃহস্থ বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজা উদযাপিত হচ্ছে।


























