দূরপ্রাচ্যের দেশ জাপান থেকে ১৯০৯ সালে পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজ পালন করেছিলেন উমর ইয়ামাওকা। তিনিই ইতিহাসের প্রথম স্বীকৃত জাপানি নাগরিক, যিনি হজ ব্রত সম্পন্ন করেন। জাপানে ইসলামের শুরুর দিকের ইতিহাসে তাঁর এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য করা হয়।
মুসলিম পণ্ডিত আবদুর রশিদ ইবরাহিমের সঙ্গী হয়ে পবিত্র এই সফরে যান ইয়ামাওকা। ইবরাহিম ইতিপূর্বে জাপান সফর করে দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের সেতুবন্ধ রচনায় সচেষ্ট ছিলেন। ওই সময়ে জাপানের অধিকাংশ মানুষের কাছে ইসলাম একটি অপরিচিত ধর্ম ছিল। পবিত্র ভূমি সফরের মধ্য দিয়ে ইয়ামাওকা মুসলিম বিশ্বের ধর্মীয় সংস্কৃতি ও জীবনধারা প্রত্যক্ষ করার সুযোগ পান।
১৯১০ সালে নিজ দেশে ফিরে ইয়ামাওকা ভ্রমণবিষয়ক একটি বই লেখেন, যা ১৯১২ সালে জাপানি ভাষায় প্রকাশিত হয়। গ্রন্থটিতে আরব অঞ্চলের ভৌগোলিক রূপরেখা ও পবিত্র স্থানগুলোর জীবন্ত বিবরণ তুলে ধরা হয়, যা জাপানিদের মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
তবে ইয়ামাওকা প্রথম জাপানি হিসেবে হজ পালন করলেও তিনি দেশটির প্রথম ইসলাম গ্রহণকারী নন। ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী, শোতারো নোদা নামের এক জাপানি সাংবাদিক ১৮৯১ সালে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল সফরে গিয়ে তুর্কি ভাষা ও ইসলাম অধ্যয়ন শেষে ইসলাম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে ‘আবদুল হালিম’ রাখেন। গবেষণার মাধ্যমে নিশ্চিত হওয়া এই দুই ব্যক্তিত্বের ইতিহাস জাপান ও মুসলিম জাহানের সম্পর্কের প্রাচীন মাইলফলক হয়ে আছে।


























