মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মে দিবসে ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসাইন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় হোসাইন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহসিন রেজা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছিল।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, নিহতের পরিবার এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি। এই ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 


















