ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় ২২০০ লিটার তেলসহ একটি ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লরির চালক, সহকারী এবং এক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—লরিচালক সোহেল রানা, তার সহকারী হৃদয় আহমেদ এবং স্থানীয় ক্রেতা উসমান আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জের হাটখালি বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ট্যাংক লরি থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সিরাজগঞ্জ থেকে মুক্তাগাছার একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহের কথা থাকলেও তা সেখানে না নিয়ে স্থানীয়ভাবে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ভুয়া জ্বালানি সরবরাহ স্লিপও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অবৈধ জ্বালানি বাণিজ্যের সঙ্গে আর কারা জড়িত এবং কোনো ফিলিং স্টেশনের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
রিপোর্টারের নাম 














