আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত এএসসি সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিঅ্যান্ডএস)-এ এই বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান এএসসিসিঅ্যান্ডএস-এ পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস।
বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশে কোরের গৌরবময় ঐতিহ্য এবং দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করেন।
একই সাথে তিনি আর্মি সার্ভিস কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান যেন তারা আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে। এছাড়া, তিনি আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















