পবিত্র হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে মুসলিম জনসংখ্যার অনুপাত, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি এবং হজ ব্যবস্থাপনার সক্ষমতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৭ সালে ওআইসি-র সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ লাখ মুসলিম জনসংখ্যার বিপরীতে ১ হাজার হজযাত্রীর অনুপাত অনুসরণ করা হয়। মিনা, আরাফাত ও মুজদালিফায় ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দ করে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়।
২০২৭ সালের হজে সর্বোচ্চ কোটা পাওয়া শীর্ষ ২০টি দেশের তালিকায় সবার উপরে রয়েছে ইন্দোনেশিয়া, যাদের বরাদ্দ ২ লাখ ২১ হাজার। এরপরেই রয়েছে পাকিস্তান (১ লাখ ৭৯ হাজার ২১০) এবং ভারত (১ লাখ ৭৫ হাজার ২৫)। তালিকার অন্য দেশগুলোর মধ্যে ইরান, তুরস্ক, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আলজেরিয়া উল্লেখযোগ্য।
বাংলাদেশ প্রসঙ্গে জানা গেছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৮৩ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। গত ৯ নভেম্বর জেদ্দায় স্বাক্ষরিত দ্বিপক্ষীয় হজ চুক্তিতে অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এর আগে বাংলাদেশের বরাদ্দ ছিল ৭৮ হাজার ৫০০। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সৌদি আরবের কাছে আরও বেশি কোটা প্রত্যাশা করেছিলেন, তবে আপাতত ৫ হাজার আসন বৃদ্ধি করা হয়েছে। বিগত বছরগুলোতে কোটা পূর্ণ করতে না পারার কারণে বাংলাদেশের বরাদ্দকৃত কোটায় কিছুটা প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

























