বিদেশের মাটিতে বাংলার ঐতিহ্য তুলে ধরতে অভিনব এক উদ্যোগ! শাড়ি কিংবা পশ্চিমা পোশাক নয়, এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছাকেই ফ্যাশনের অনুষঙ্গ বানিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হলেন সাজরিয়া তাবাসসুম প্রমা। লাল-সবুজের চেক গামছায় তৈরি পোশাকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে প্রতিযোগীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও।
জাপানের টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনালের ৬৪তম আসর। ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় প্রায় ৭০টি দেশের সুন্দরী অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই গামছার পোশাকে হাজির হয়ে চমক দেখান তিনি। স্কার্ফ কিংবা ওড়না হিসেবে নয়, গামছা দিয়ে তৈরি টপ ও স্কার্ট পরেছিলেন প্রমা। ক্রপড চোলি স্টাইলের টপে ছিল লাল ফিতার লেইস ও ব্লকের নকশা। অন্যদিকে লাল-সবুজ চেকের বহু কুঁচির স্কার্টে ফুটে ওঠে ভিন্নধর্মী নান্দনিকতা।
পোশাকটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার মেহবুব কামাল, যিনি জাদু নামে পরিচিত। সাজের সঙ্গে ছিল সোনালি চোকার, চান্দবালি কানের দুল এবং বেণিতে সোনালি জরির ফিতা।
শুধু পোশাকেই নয়, সাংস্কৃতিক পর্বের অডিশনে কোক স্টুডিও বাংলার ‘তাঁতি’ গানের তালে নেচেও তুলে ধরেছেন বাংলার সংস্কৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমার এই গামছা লুকের প্রশংসা করছেন অনেকে। আন্তর্জাতিক মঞ্চে দেশের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এই প্রচেষ্টায় এখন আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি।


























