জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা কেবল প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তাই অশ্লীলতা ও বিদআতের মোকাবিলায় ইসলামি মূল্যবোধের আলোকে বিশুদ্ধ গান, কবিতা ও নাটক ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মহানগরীর সাংস্কৃতিক কর্মীদের। শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের সামগ্রিক জীবনব্যবস্থার প্রতিফলন। সাহিত্য ও সংস্কৃতিচর্চা নিছক বিনোদনের জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য হওয়া উচিত।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব টেকসই হয় না। সভায় সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


























