দয়াময় আল্লাহতায়ালা পৃথিবীতে যেমন দুঃখ, কষ্ট ও বিপদ সৃষ্টি করেছেন, তেমনি এসব থেকে মুক্তির উপায়ও বাতলে দিয়েছেন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা উল্লেখ রয়েছে, যার মাধ্যমে বিপদ দূর হয়। নিচে এমন কয়েকটি আমলের কথা আলোচনা করা হলো—
কালেমায়ে তাওহিদ পাঠ: কালেমায়ে তাওহিদ পাঠের মাধ্যমে ঈমান নবায়ন করা হয় এবং এর মাধ্যমে বান্দার বিপদ দূর হয়। পবিত্র কোরআনে হজরত ইউনুস (আ.)-এর বিপদ থেকে মুক্তির বর্ণনা এভাবে করা হয়েছে— ‘আর স্মরণ করো জুন-নুনের (ইউনুস) কথা, যখন সে ক্রোধভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, মহান! আমি সীমা লঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে এবং এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি।’ (সূরা আম্বিয়া: ৮৭-৮৮)। বর্ণিত আয়াত থেকে বোঝা যায়, কালেমায়ে তাওহিদ বিপদ থেকে মুক্তির অন্যতম মাধ্যম।
নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করা: মুমিন যখন নিজেকে পুরোপুরি আল্লাহতায়ালার হাতে সমর্পণ করে, তখন আল্লাহতায়ালা তাকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। কোরআনে কারিমে ফেরাউনের হাত থেকে একজন মুমিনের মুক্তি লাভের ঘটনা বর্ণনা করে বলা হয়েছে, ‘আমি আমার ব্যাপার আল্লাহর হাতে অর্পণ করছি; আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করল ফেরাউন সম্প্রদায়কে।’ (সূরা মুমিন: ৪৪-৪৫)।
নামাজ আদায় করা: নামাজ বিপদমুক্তি ও আল্লাহর সাহায্য লাভের একটি অন্যতম মাধ্যম। মহান আল্লাহ নিজেই বান্দাকে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে শিখিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সূরা বাকারা: ১৫৩)।
ধৈর্য ধারণ করা: ধৈর্য বান্দার প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহকে ত্বরান্বিত করে। যেমনটি আল্লাহতায়ালা বলেছেন, ‘হে মুমিনরা! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সূরা বাকারা: ১৫৩)। এ ছাড়া নবী কারিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেওয়া হয়নি, যা ধৈর্য অপেক্ষা উত্তম ও প্রশস্ত হতে পারে।’ (সহিহ বোখারি: ১৪৬৯)।
বেশি বেশি ইস্তেগফার করা: ইস্তেগফার হলো অতীতের ভুলত্রুটি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার শুধু বিপদ থেকে মুক্তি দেয় না, বরং তা বিপদ প্রতিহতও করে। নিম্নোক্ত আয়াতে এমনই ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ এমন নন যে তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। আর আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন।’ (সূরা আনফাল: ৩৩)।
আল্লাহর জিকির: আল্লাহর জিকির ও তাসবিহ পাঠের মাধ্যমে বান্দা পার্থিব জীবনের সংকট ও সংকীর্ণতা থেকে রক্ষা পায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি জানি, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়; সুতরাং তুমি তোমা…


























