বেআইনি ও অযৌক্তিক দাবিতে সরকারের ওপর লাগাতার চাপ তৈরির পাশাপাশি প্রকৃত সংবাদ প্রচারের কারণে দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তা অফিসে হামলার হুমকি দিচ্ছেন ১-১২তম শিক্ষক নিবন্ধনধারীরা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন সম্পাদককে। ফেসবুক মেসেঞ্জারে তার ওপর আক্রমণ ও অঙ্গহানির হুমকিও দিচ্ছেন কেউ কেউ।
শিক্ষক পদে মনোনয়ন প্রত্যাশীদের এমন আচরণ ও আক্রমণাত্মক ভাষা সর্বমহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিবৃতি পাঠিয়ে তাদের অসভ্য আচরণের প্রতিবাদ জানিয়েছেন। এসব সংগঠনের অন্যতম হলো- ১১টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রত্যাশী ফোরাম।
এর আগে টার্মিনালের টিকিটে লঞ্চ বা স্টিমার ভ্রমণের অলিক স্বপ্ন গত ৫ জুলাই ভেস্তে যায় ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন সনদধারী চাকরিহীনদের। এর মাধ্যমে বর্তমান সরকার শিক্ষক নিয়োগখাতে বছরের পর বছর ধরে চলে আসা একটা অস্থিরতার অবসান ঘটায়।
ওই দিন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওইসব সনদধারীদের রিমডিফিকেশন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুলকোর্টে সরকারের অনুকূলে রায় দেয়। প্রধান বিচারপতির নেতৃত্বে ফুলকোর্টের ওই রায়ের ফলে রিট ব্যবসায়ীদের খপ্পরে খাবি খেতে থাকা এনটিআরসিএ কার্যত হাঁফ ছেড়ে বাঁচে। অযৌক্তিক দাবির চাপ ঝেড়ে ফেলার সুযোগ পায় শিক্ষামন্ত্রণালয়, তথা সরকার।
এ প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, ২০০৫ খ্রিষ্টাব্দে যখন শিক্ষক নিবন্ধন সনদ পদ্ধতি চালু হয় তখন উদ্দেশ্যই ছিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়ার। শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ছিল আলাদা পরীক্ষা। ওই সনদগুলো ছিল শুধু বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করার যোগ্যতা অর্জনের। নিয়োগ পেতে হলে বেসরকারি কমিটির নেয়া নিয়োগ পরীক্ষাই চূড়ান্ত ছিল। সে সময়ে নিয়োগে এনটিআরসিএর কোনো ভূমিকা ছিল না। ২০১৫ খ্রিষ্টাব্দের অক্টোবরে গেজেট জারির মাধ্যমে এন্ট্রি লেভেলে (প্রভাষক, সহকারী শিক্ষক, মৌলভী শিক্ষক) শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পায় এনটিআরসিএ। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সঙ্গে যুক্ত হয় ভাইভা। তখন থেকে এনটিআরসিএ এর বাছাই করা ও মনোনীত সনদধারীদের আর কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেয় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি। ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে অদ্যাবধি এই পদ্ধতি চলে আসছে।
তাই প্রাক যোগ্যতা নির্ধারণী (এক থেকে ১২তম পরীক্ষার) সনদে শিক্ষক পদে নিয়োগের দাবিকে টার্মিনালের টিকিটে লঞ্চের কেবিনে চড়ার বায়না বলে বর্ণনা করে আসছিলেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক এবং শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান খান। এনটিআরসিসহ সংশ্লিষ্ট স…























