ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংস বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় হয়ে উঠেছে। এই সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, রয়েছে বোলিং মেশিনের সামনে দাঁড়িয়ে কঠিন অনুশীলনের গল্প। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন হৃদয়ের সেই নিবিড় প্রস্তুতির কথা।
হৃদয়ের সঙ্গে টানা ১১ মাস কাজ করা বাংলাদেশের সাবেক এই অধিনায়ক কাছ থেকে দেখেছেন তরুণ ব্যাটারের অনুশীলনের ধরন ও শেখার আগ্রহ। আশরাফুলের চোখে হৃদয়ের সবচেয়ে বড় গুণ হলো কঠিন অনুশীলন থেকে পিছিয়ে না আসা। বোলিং মেশিনে ইনসুইং, আউটসুইং, বাউন্সার কিংবা ফুল লেংথের বল সমন্বয় করা সহজ না হলেও হৃদয় সেভাবেই অনুশীলন করতে চাইতেন।
স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, ‘সে সবসময় চেষ্টা করে হার্ড ট্রেনিং করতে। আমার একটা মনে আছে, আমাকে বলছিল, আশরাফুল ভাই, আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন। বোলিং মেশিনে সাধারণত ইনসুইং, আউটসুইং, বাউন্সার, ফুল বল-এগুলো অ্যাডজাস্ট করাটা এত সহজ না। কিন্তু সে প্রায় দুই রাউন্ড ব্যাটিং করেছে। ৫০টার মতো বল চমৎকারভাবে অ্যাডজাস্ট করেছে।’
সেই অনুশীলনের প্রতিফলন দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়ে অপরাজিত ২৪২ রান করেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও মুশফিকুর রহিমের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ার পথে খেলেন ৮২ রানের কার্যকর ইনিংস। ম্যাচটি ড্র হলেও দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে হৃদয়ের ব্যাটিংয়ে নতুন আশার আলো দেখছেন আশরাফুল।
বাংলাদেশ দলের পরবর্তী পরীক্ষা এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট এবং ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রোটিয়াদের কন্ডিশনে গতির সঙ্গে বাউন্সের চ্যালেঞ্জ সামলাতে হলেও সিলেটের বড় ইনিংস ও আগের অভিজ্ঞতা হৃদয়কে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন আশরাফুল।
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বাংলাদেশের অবস্থান কঠিন হয়ে পড়লেও পুরো দল নিয়েই আশাবাদী এইচপি ব্যাটিং কোচ। তাঁর বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতেও জয় পাওয়া অসম্ভব নয়।


























