বাংলাদেশি ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সময় ঘনিয়ে এসেছে। ২৩ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা দেশের বাইরে রয়েছে, আর ফাইনালে খেলার অপেক্ষাটাও কম দীর্ঘ নয়। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ২১ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নিজেদের মাঠেই ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ এসেছে। তবে ফাইনালের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান।
আজ জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই ঐতিহ্যবাহী দল।
ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের হতাশা পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় শিরোপার প্রত্যাশায় কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এবার নিজেদের দর্শকদের সামনে সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান হামজা চৌধুরী ও তাঁর সতীর্থরা।
তবে এই লড়াই সহজ হবে না। বাংলাদেশ দলের কোচ টমাস ডুলির চোখে পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ইউরোপের বিভিন্ন লিগে খেলা চার-পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছে তাদের স্কোয়াডে। সেমিফাইনালের আগে টানা পাঁচ দিনের বিশ্রামও পেয়েছে পাকিস্তান দল। প্রতিপক্ষের সামগ্রিক শক্তি বিবেচনায় ম্যাচটিকে সাধারণ সেমিফাইনাল হিসেবে দেখতে নারাজ ডুলি। তাঁর কাছে এটি ফাইনালের সমান গুরুত্বপূর্ণ।
গতকাল কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচ ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচকেই ফাইনাল ধরে খেলতে হয়, তবে এই ম্যাচ সত্যিকার অর্থেই ফাইনাল; কারণ আমি মনে করি, পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের তাদের হারাতেই হবে এবং এটাই আমাদের মূল লক্ষ্য।’
ডুলির আত্মবিশ্বাসের বড় ভিত্তি হলো গ্রুপপর্বের দারুণ পারফরম্যান্স। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে সামান্য প্রশ্ন থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার কড়া জবাব দিয়েছে দল। প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। গ্রুপ পর্বের দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি নিজেদের জালও অক্ষত রেখেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষেও এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ ডুলি। বিশেষ করে আক্রমণভাগের গতিকে কাজে লাগিয়ে ব্যবধান গড়তে পারে বাংলাদেশ। পাকিস্তানের লম্বা গড়নের ডিফেন্ডারদের বিপক্ষে ফারহানের গতি ও ড্রিবলিং হতে পারে দলের অন্যতম প্রধান অস্ত্র। তবে শুধু আক্রমণভাগে ঝলক দেখালেই চলবে না, পাকিস্তানের ফরোয়ার্ড নাজিবউল্লাহ ইতিমধ্যে তিন গোল করে ছন্দে রয়েছেন। তাঁকে আটকে রাখতে রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য সামান্য হলেও বাংলাদেশের পক্ষে রয়েছে। আগের ১৭ সাক্ষাতে বাংলাদেশের জয় সাতটিতে, আর পাকিস্তান জিতেছে ছয়বার। বাকি চার ম্যাচ ড্র হয়েছে। তবে অতীত পরিসংখ্যান দিয়ে আজকের ম্যাচের ফলাফল নির্ধারণ করতে রাজি নন কোচ টমাস ডুলি।


























