সিলেটে একটি রেস্টুরেন্টে খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী আহবাবুজ্জামান আনোয়ার এবং মো. সামছুল আমীন। রোববার মধ্যরাতে তাঁদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী উমাশঙ্কর গুপ্ত চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার বিকেলে বাদী তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের ওই রেস্টুরেন্টে গেলে আসামিরা গোপনে তাঁদের ছবি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়। পরবর্তীতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাঁদের নানাভাবে হেনস্তা করা হয়। ফেসবুকের বিভিন্ন পেজে ছবি আপলোড করে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ধর্মীয় উসকানি চালানো হয়, যা তাঁদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
























