প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডায়াবেটিস সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা ও নিয়মিত জীবনযাত্রার নিয়ম মেনে চললে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাপক ক্ষতি করতে পারে। তবে সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তারেক রহমান আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়নের মূল ভিত্তি। সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।





















