মাঠজুড়ে পাকা ধানের সোনালি শিষ। ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। কেউ ধান কাটছেন আবার কেউ ধান কেটে ঘরে তুলছেন। আবার অনেকেই ধান ঝাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত। বিশেষ করে আমন মৌসুমে অ্যারাইজ এজেড ২২৪১ এসটি জাতের ধানের বাম্পার ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। প্রতি বিঘা জমিতে প্রায় ২৪ মণ পর্যন্ত ধান পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
কৃষকদের ভাষ্য, অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় সার ব্যবস্থাপনার কারণে এবার অ্যারাইজ ২২৪১ ধানের ফলন ভালো হয়েছে। অন্যান্য কিছু জাতের তুলনায় এ জাতের ধানে ফলন বেশি হওয়ায় আগামী মৌসুমেও এটি চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের কৃষক মকবুল মিয়া বলেন, এই ধানটা অল্প টাইমের মধ্যে ভালো ফলন পেয়ে কাটা যায়। পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সরিষা গম, আলুসহ অন্যান্য ফসল ফলানো যায়। এই জাতের ধানে অনেক ফলন বেশি পেয়েছি আমরা এবং এই ধানটা চিকন। অল্প সময়ের মধ্যে অনেক উৎপন্ন হয় ধানটা। এই ধানে রোগ বালাই কম। এই ধানটা ঝড়ে বৃষ্টিতে, বাতাসে পড়ে যায় কম। আমরা এই মৌসুমে প্রতিবছর অন্যান্য ধান লাগাই তবে এ বছর এটাও লাগাই দেখলাম যে এই ধানের ফলন অন্যান্য ধানের চেয়ে অনেক ভালো পাচ্ছি।
সাতক্ষীরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, রোপা আমন মৌসুমে হাইব্রিড ২২৪১ জাতের ধান কেটে বিঘা প্রতি ২৩ থেকে ২৪ মণ ফলন পাওয়া গেছে। এই ধানের চাল চিকন, ভাত ঝুরঝুরে ও সুস্বাদু। পাশাপাশি এর খড় বা বিচালি প্রায় ১ মিটার ১০ ইঞ্চি লম্বা হওয়ায় তা গো-খাদ্য হিসেবে দারুণ উপযোগী এবং বাজারে এর চাহিদাও অনেক।
তিনি আরও বলেন, মাত্র ১২০-১২৫ দিনের জীবনকাল হওয়ায় এই জাতটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। দ্রুত ফসল ঘরে তুলে কৃষকরা একই জমিতে রবি মৌসুমের প্রধান ফসল সরিষাসহ অন্যান্য শীতকালীন শাকসবজি চাষের সুযোগ পাচ্ছেন। কম সময়ে ভালো ফলন ও পরবর্তী ফসল চাষের এই সুযোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (সিড) চন্দন কুমার মিত্র বলেন, অ্যারাইজ ২২৪১ একটি অত্যন্ত উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত। বীজ তলা থেকে শুরু করে মাত্র ১১৭ থেকে ১২২ দিনের মধ্যেই এই ফসল কেটে ঘরে তোলা সম্ভব। এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই জাতটি সম্পূর্ণভাবে পাতা পোড়া রোগ প্রতিরোধী এবং অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের বিরুদ্ধে দারুণ সহনশীল। এছাড়া এই ধানের ছড়ার গঠন অত্যন্ত ঘন এবং এতে চিটার পরিমাণ নেই বললেই চলে।
তিনি আরও বলেন, কম সময়ে ঘরে ওঠার কারণে এই ধান কাটার পর কৃষকেরা একই জমিতে সহজেই সরিষা বা অন্য কোনো রবি শস্য চাষ করতে পারবেন এবং এরপর আবার পরবর্তী ধান লাগাতে পারবেন। ফলে কৃষকদের জমি ফাঁকা থাকবে না এবং তারা একই বছর একাধিক ফসল ফলিয়ে লাভবান হতে পারবেন। স্বল্প জীবনকালের এই ধান বীজ অঞ্চলের কৃষকদের চাহিদা মিটিয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখছে।


























