শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের দাপুটে জয় এবং গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশ শিবিরে স্বস্তি ও আত্মবিশ্বাসের হাওয়া বইছে। তবে এই সাফল্যে গা ভাসাতে নারাজ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে আরও কঠিন দল পাকিস্তান।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠার পর সতীর্থদের আগাম সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। জামালের বিবেচনায়, শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তান তুলনামূলক শক্তিশালী দল। তাই আগের ম্যাচের জয় ভুলে নতুন চ্যালেঞ্জের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল বলেন, ‘আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের সব মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকেই রাখতে হবে।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের সামগ্রিক পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্টি প্রকাশ করেছেন জামাল। আক্রমণে চার গোল করার পাশাপাশি রক্ষণেও দৃঢ়তা দেখিয়েছে দল। প্রতিপক্ষকে কোনো গোলের সুযোগ না দিয়ে ম্যাচ শেষ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। একই সঙ্গে গোল হজম না করে ম্যাচ শেষ করতে পেরেছি। সব মিলিয়ে দলের সবাই খুশি।’
পরিসংখ্যানে পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মুখোমুখি ১৭টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে, পাকিস্তানের জয় ৫টিতে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন অধিনায়ক।
বাংলাদেশের লক্ষ্য এখন কেবল সেমিফাইনাল জয় নয়, দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানো। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান এখনো এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি। দেশের মাটিতে আবারও চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন বাংলাদেশ দেখছে, সেই পথে পাকিস্তান বাঁধা অতিক্রম করাই এখন মূল লক্ষ্য।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের ফিটনেস ও স্কোয়াডের গভীরতা নিয়ে ভাবছেন জামাল। ম্যাচ সূচিতে বিশ্রামের পর্যাপ্ত সুযোগ না থাকায় একাদশের বাইরের খেলোয়াড়দেরও প্রস্তুত রাখার ওপর জোর দেন তিনি। জামাল বলেন, ‘আমাদের পুরো দলকেই প্রয়োজন। কারণ দুই দিন পরপরই ম্যাচ খেলতে হচ্ছে। তাই সবাইকে প্রস্তুত রাখা জরুরি।’
এদিকে চোটের কারণে ডিফেন্ডার সাদ উদ্দিনের সাফ থেকে ছিটকে পড়া দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তার জায়গায় বিকল্প কৌশল ও খেলোয়াড় প্রস্তুত রাখার তাগিদ দিয়ে জামাল বলেন, ‘সাদের ইনজুরি দুর্ভাগ্যজনক। তার শূন্যস্থান পূরণে বিকল্প লাগবেই।’


























