বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গণতন্ত্রের নামে ভণ্ডামি করেছেন এবং এখন তার দেশে ফিরে আসার কথা কেউ বিশ্বাস করে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর এখন তিনি দেশে ফেরার যে নাটক করছেন, তা জনগণ আর গ্রহণ করবে না। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে বারবার ধ্বংস করা হয়েছে।
বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


























