দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে সাদিক কায়েম দাবি করেন, ‘পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।’
তিনি উল্লেখ করেন, সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার পর অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে দাবি করে সাদিক কায়েম লেখেন, এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।


























