চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত অফিস আদেশে তাঁদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রশাসনিক কারণে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল নিয়ে কয়েকজন পুলিশ সদস্য ট্রাকটির গতিরোধ করেন। এ সময় ট্রাকচালককে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়।
পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে পুলিশের কথিত দুই সোর্সের সহযোগিতায় চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন ও মেমোরি কার্ড ফরম্যাট করা হয় বলেও জানা গেছে।
ইয়াবা লুটের ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

























