জন্মদিনে শিউলি ফুলের সাজে মুগ্ধতা ছড়িয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এবার সেই ফুলের পাশাপাশি উপহার হিসেবে পেয়েছেন ড্রাগন ফলও। ব্যতিক্রমী এই উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে লিখেছেন, ‘শুধু কি ফুল পাঠায়! ফলও পাঠায় এভাবে।’ মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রাগন ফলের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। তাঁর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। বিশেষ দিনটি ঘিরে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজন করেন এই অভিনেত্রী। পুরো আয়োজন সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল ফুল। নিজের সাজেও শিউলির ছোঁয়া রাখেন পরীমনি। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। জন্মদিনের আয়োজনে শিউলি ফুল বেছে নেওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে মাথায় এসেছিল। সেই ভাবনা থেকেই পুরো আয়োজন সাজানোর পরিকল্পনা করেন তিনি।
পরীমনি জানান, অনেকগুলো শিউলি ফুল চেয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। তবে এত ফুল সংগ্রহ করা সহজ ছিল না। একজন চট্টগ্রাম থেকে বিমানে করে তাঁকে শিউলি ফুল পাঠিয়েছেন বলেও জানান অভিনেত্রী। জন্মদিনের ফুলেল আয়োজনের পর এবার ড্রাগন ফলের ভিডিও দিয়ে নতুন করে আলোচনায় পরীমনি। তাঁর ছোট্ট মন্তব্যে উঠে এসেছে উপহার পাওয়ার আনন্দ আর সেই সঙ্গে মজার এক ইঙ্গিতও।
























