মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মাগুরার শালিখা আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত এসআই ইসমাইল হোসেন এবং বরিশাল নৌ-পুলিশে কর্মরত সাবেক ওসি বিপ্লব কুমার নাথকে গ্রেফতার করে। আসামিরা উভয়েই মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মশিয়ার রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের অক্টোবরে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে তদন্ত শুরু করে পুলিশ।

























