পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজশাহীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মিছিল বের করে নগরের লক্ষ্মীপুর মোড় হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যান তাঁরা। সেখানে মিছিল শেষ করে দ্রুত সটকে পড়েন অংশগ্রহণকারীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে এ মিছিল বের করা হয় বলে জানিয়েছে পুলিশ। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের ব্যানারে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় কর্মসূচি পালনের কথা উল্লেখ ছিল।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীদের কয়েকজন নিজেদের ফেসবুক আইডি থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার করেন। তবে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকাল আটটা থেকে নয়টার মধ্যে মিছিল হওয়ার খবর তাঁরা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এ ধরনের কর্মসূচি পালন করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।























