নির্মাতা কিসলু গোলাম হায়দারের নতুন সিনেমা ‘মস্তান’-এ প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহিকে। আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে।
সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহির। বর্তমানে তিনি মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন। অন্যদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে ‘মস্তান’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এর আগে আরিফিন শুভ ও তমা মির্জাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘মন যে বোঝে না’ সিনেমায়।


























