রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল।
বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তিনি বলেন, তার নেতৃত্ব ও দূরদর্শিতা স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। এছাড়া সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি মোকাবিলায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া দেশের দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।





















