ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফেরার সময় স্পষ্ট করেছিলেন যে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলে বাংলাদেশ। তাঁর স্লোগান হলো, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। তিনি আরও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ না থাকলে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচনে যেভাবে জনগণ সমর্থন দিয়েছেন, আগামী দিনেও সেই ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংসদ সদস্য বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অথচ পলাতক ফ্যাসিস্টরা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই নৈরাজ্য মোকাবেলায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ফটিকছড়ির প্রতিটি বৌদ্ধ বিহারকে উন্নয়নের আওতায় আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















