বিগত সরকারের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার কারণেই ঢাকা-৯ সংসদীয় আসন এলাকায় ডেঙ্গুর মারাত্মক বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি চিকিৎসা সেবার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ তাগিদ দিয়েছেন।
শনিবার রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে আয়োজিত বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন ও সংস্কারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় বাজেটেও স্বাস্থ্য খাতকে অন্যতম অগ্রাধিকারমূলক খাত হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, এই সেবা ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হচ্ছে।


























