চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট বছরের এক শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক যাত্রী।
সোমবার গভীর রাতে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম রাকিব (৮)। সে নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম গ্রামের আজহারুল ও ফাতেমা দম্পতির ছেলে। নিহত অপর নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুটির বাবা আজহারুলসহ বেশ কয়েকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, সীতাকুণ্ডে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেছেন এবং বাকি আহতদের বিভিন্ন ওয়ার্ডে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

























