গাইবান্ধা পৌরশহরে অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার প্রধান ডাকঘর সংলগ্ন নতুন ব্রিজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখার অভিযোগে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আশরাফুল ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
























