বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি। উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন খানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন খান বলেন, শোলক ইউনিয়নের চেয়ারম্যান পদে মতামত প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে পলাশ কুন্ডু নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত জাতীয় নির্বাচনে বিএনপির বিরুদ্ধে কাজ করায় স্থানীয় নেতাকর্মীরা তাঁর প্রার্থিতায় আপত্তি জানান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে অপপ্রচারে লিপ্ত হন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সুশৃঙ্খল উজিরপুর উপজেলা বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং ফ্যাসিবাদের দোসরদের মদদে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও দলকে জড়িয়ে সম্পূর্ণ মনগড়া সংবাদ প্রকাশ করানো হয়েছে। এতে এমপি বা বিএনপির কোনো বক্তব্য নেওয়া হয়নি। প্রতিবাদ সভায় উজিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

























