বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
সম্প্রতি জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে তাতে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।


























