একসময় কাজ পাওয়াই ছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সবচেয়ে বড় অনুপ্রেরণা। পারিশ্রমিক, নিজের শখ পূরণ কিংবা সংসার চালানোর তাগিদে যেকোনো ভালো সুযোগ লুফে নিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে তার ভাবনা। এখন বড় অঙ্কের পারিশ্রমিকও তাকে কোনো সিনেমায় অভিনয়ের জন্য আগ্রহী করতে পারে না। বরং গল্প ও চরিত্রে নিজের সৃজনশীল তৃপ্তি খুঁজে পেলেই কাজ করতে রাজি হন এই ভারতীয় অভিনেতা।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন ও জীবনের ভাবনা নিয়ে কথা বলেছেন ৫০ বছর বয়সী পঙ্কজ। তার মতে, কোনো কাজের প্রতি নিজের আগ্রহ তৈরি না হলে তাতে যুক্ত হওয়ার কোনো আনন্দ নেই।
পঙ্কজ বলেন, ‘উচ্ছ্বাস না থাকলে আমার পক্ষে কোনো সিনেমায় কাজ করা সম্ভব নয়। কাজের আনন্দটা সেখানেই। কোনো প্রস্তাবে কত টাকা দেওয়া হচ্ছে, তা এখন আর আমাকে আগ্রহী করে না। এমন একটি গল্প হতে হবে, যেটি করতে আমার ভালো লাগবে। অথবা গল্পের মধ্যে এমন কিছু থাকতে হবে, যার মাধ্যমে সমাজকে কিছু দেওয়ার সুযোগ আছে।’
তিনি আরও জানান, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও আগ্রহ না থাকলে তা তিনি ফিরিয়ে দেন। তবে কাজ ফিরিয়ে দেওয়া সব সময় সহজ হয় না। তার ভাষায়, ‘মানবিক দিক থেকে মনে হয়, এই মানুষটি অনেক আশা নিয়ে এসেছেন। হয়তো তার ক্যারিয়ারও এই প্রকল্পের ওপর নির্ভর করছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ আমাকে আগ্রহী না করলে সেটি ফিরিয়ে দিতেই হয়।’
ক্যারিয়ারের শুরুর সময়টিকে ‘টিকে থাকার পর্যায়’ হিসেবে উল্লেখ করে পঙ্কজ বলেন, সেই সময়ে নানা কারণেই কাজের আগ্রহ তৈরি হতো। কিন্তু যখন আর টিকে থাকার লড়াই থাকে না, তখন প্রয়োজন হয় শিল্পী হিসেবে নিজের তৃপ্তি। সেই আনন্দ না পেলে এখন আর কোনো কাজেই আগ্রহ পান না তিনি।
























