মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে একের পর এক চমক দেখাচ্ছেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজের সাজ ও উপস্থাপনায় তুলে ধরছেন বাংলাদেশের স্বতন্ত্র পরিচয়। এবার সুইমস্যুট পর্বেও প্রচলিত ধারার বাইরে গিয়ে নজর কাড়লেন তিনি। তাঁর ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব হলো সুইমস্যুট রাউন্ড। এই পর্বে সাধারণত প্রতিযোগীরা বিকিনি কিংবা বিভিন্ন ধরনের সাঁতারের পোশাকে মঞ্চে উপস্থিত হন। তবে সেই চেনা পথ অনুসরণ করেননি সামিরা খান মাহি। তিনি বেছে নিয়েছেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। ফুলহাতা এই পোশাকের সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল।
মাহির এই সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আত্মবিশ্বাসের ছাপ। প্রচলিত পোশাকের বাইরে গিয়ে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও নজর কেড়েছে দর্শকদের।
সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাহি। সেখানে তিনি জানিয়েছেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে, বিকিনি না পরেও আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করা সম্ভব, মাহি সেটিই দেখিয়েছেন। তাঁর ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমী উপস্থাপনায় আলোচনায় এসেছিলেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ঐতিহ্যবাহী শাড়ির মাধ্যমে মাতৃত্বের সার্বজনীন বার্তা তুলে ধরেছিলেন তিনি।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, শেষ মঞ্চেও নিজের সেরাটা উপহার দেবেন মাহি।


























