চলে গেলেন হলিউডের বরেণ্য অভিনেতা টম স্কেরিট। ‘এলিয়েন’, ‘টপ গান’ ও ‘এ রিভার রানস থ্রু ইট’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘পিকেট ফেন্স’-এ অভিনয় করেও ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেতা। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে চলচ্চিত্র ও টিভিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। তার প্রয়াণে হলিউড অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
টমের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ববাসীর কাছে তিনি প্রতিভাবান অভিনেতা হিসেবে পরিচিত হলেও পরিবারের কাছে তিনি ছিলেন অত্যন্ত রসিক, উদার এবং স্নেহশীল একজন মানুষ। তার স্মৃতি ও জীবনের শিক্ষা মানুষের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে জানিয়েছে পরিবার।
১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্ম নেওয়া টম স্কেরিট অভিনয় দুনিয়ায় পা রাখার আগে মার্কিন বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৬২ সালে রবার্ট রেডফোর্ডের ‘ওয়ার হান্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৯২ সালে রেডফোর্ড পরিচালিত ‘এ রিভার রানস থ্রু ইট’ সিনেমায় তিনি আবারও কাজ করেন, যেখানে ব্র্যাড পিটও অভিনয় করেছিলেন।
১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান যুদ্ধভিত্তিক কমেডি সিনেমা ‘ম্যাশ’-এ মার্কিন সেনা সার্জন ডিউক ফরেস্ট চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হন। সিনেমাটি পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। পরবর্তীতে ১৯৭৯ সালে সায়েন্স ফিকশন ও হরর ধারার মাস্টারপিস ‘এলিয়েন’-এ সিগোর্নি উইভারের সঙ্গে অভিনয় করেও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি।
১৯৮৬ সালের মেগা হিট সিনেমা ‘টপ গান’-এ কমান্ডার মাইক ‘ভাইপার’ মেটকাফ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও দারুণ পরিচিতি পান টম স্কেরিট। ওই সিনেমায় তার সহশিল্পী ছিলেন তরুণ টম ক্রুজ।


























