সারাদেশে রোগী পরিবহনের জটিলতা ও যাতায়াত দুর্ভোগ কমাতে একটি সমন্বিত ‘অ্যাম্বুলেন্স পুল’ গঠনের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের সংস্থান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজতর করতেই সরকার এই নতুন পদক্ষেপ গ্রহণ করছে।
উপজেলা ভিত্তিক চিকিৎসাসেবার ঐতিহাসিক বিবরণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে ১৯ শয্যার হাসপাতাল চালু করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটিকে ৩১ ও ৫০ শযয়ায় রূপান্তর করেন। আর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছেন।’
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রস্তাবিত ১৫১ শয্যার এই হাসপাতালগুলোতে বিশেষত নারী ও শিশু স্বাস্থ্যের সুরক্ষায় ১০টি ডায়ালাইসিস বেড, প্রসূতিদের জন্য ২০ শয্যা এবং শিশুদের জন্য ২০টি শয্যা সংরক্ষিত থাকবে। এছাড়াও ব্রেস্টফিডিং সেন্টার ও ফিজিওথেরাপি সেবার সুব্যবস্থা রাখা হবে। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ জানান এবং বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।






















