বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দুই দিনে সারা দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।


























