শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকার ৮৬টি পূজা মণ্ডপ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪টি পূজা মণ্ডপ আন্তর্জাতিক সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত।
বৃহস্পতিবার সকালে ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এই সময়ে সীমান্তবর্তী অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই বিজিবির পক্ষ থেকে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ব্যাটালিয়ন সদরের আশপাশে ২২টি, দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল দল দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে।
পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ৪২ বিজিবির অধিনায়ক ও টহল দলের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁদের নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বস্ত করেছেন।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো যাতে সবাই মিলে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন, সে বিষয়ে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।


























