রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার তিস্তা সেচ ক্যানেলের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে ভোরে অটোরিকশা চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা চিৎকার শুরু করলে মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অটোরিকশাটির পিছু নেন। খবরটি মাইকে ছড়িয়ে পড়লে চারপাশ থেকে লোকজন ধাওয়া করে। একপর্যায়ে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিকশাটি ফেলে ধানক্ষেত দিয়ে পালানোর সময় রেজাউল ও সাদিকুলকে ঘেরাও করে গণপিটুনি দেওয়া হয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


























